এই দিনে

১৯৭১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদার। তার জন্ম ২০ জুন ১৯০৯ সালে চট্টগ্রামের পটিয়ায়।  ১৯২৫ সালে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স ও ১৯২৭ সালে চট্টগ্রাম কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাস করেন। যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলেও সূর্যসেনের সহযোগী হিসেবে কলকাতায় গ্রেপ্তার হন এবং পড়াশোনা ত্যাগ করেন। জেলে বন্দি থাকা অবস্থায় ১৯৩৪ সালে তিনি ডিস্টিংশনসহ বিএ পাস করেন এবং পরে বিএল ডিগ্রি লাভ করেন। ১৯৪৮ সালে পূর্ববঙ্গ কমিউনিস্ট পার্টির সদস্য হওয়ার পর তিনি গ্রেপ্তার হন। ১৯৫৪ সালের নির্বাচনে জেলে আটক থাকা অবস্থায় তিনি চট্টগ্রাম জেলার হিন্দুদের জন্য সংরক্ষিত আসন থেকে কংগ্রেস প্রার্থী বিনোদ বিহারী দত্তকে পরাজিত করে পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য হন। তিনি ১৯৫৭ সালে মওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ন্যাপ) যোগ দেন। ১৯৫৮ সালে পাকিস্তানে সামরিক শাসন জারির পর তিনি আবারও গ্রেপ্তার হন এবং ১৯৬২ সালে মুক্তিলাভ করেন। এ বছরেই তিনি ন্যাশনাল আওয়ামী পার্টির চট্টগ্রাম শহর কমিটির সভাপতি হন। ১৯৬৫ সালের সেপ্টেম্বর মাসে সংঘটিত ভারত-পাকিস্তান যুদ্ধের সময় তাকে আবার গ্রেপ্তার করা হয়। ১৯৬৯ সালে গণ-আন্দোলনের প্রেক্ষাপটে তিনি মুক্তিলাভ করেন এবং ন্যাশনাল আওয়ামী পার্টির রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেন। সাহিত্যিক ও অনুবাদক হিসেবেও তিনি খ্যাতিলাভ করেন।