করোনার পর রপ্তানি বাড়বে : বাণিজ্যমন্ত্রী

কভিডের কারণে দ্রত বাড়তে থাকা বাংলাদেশের রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। তবে মহামারী শেষে আবার প্রবৃদ্ধির ধারায় ফিরবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘ডাইভারসিফিকেশন অব বাংলাদেশ এক্সপোর্ট বাসকেট : অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। আইসিএবির সাবেক সভাপতি আজিজ এইচ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শুভাশীষ বসু। এ সময় রপ্তানি পণ্যের সংখ্যা ও বাজার সম্প্রসারণের বিকল্প নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু তৈরি পোশাকে নির্ভর করলে চলবে না। তাই দেশের সম্ভাবনাময় ১৯টি রপ্তানি পণ্যকে লক্ষ্য করে কাজ করছে সরকার। রপ্তানি পণ্যকে বেশি গুরুত্ব দিতে প্রতি বছর একটি সম্ভাবনাময় পণ্যকে ‘প্রডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

বাণিজ্য মন্ত্রণালয় এরই মধ্যে বিশ^ব্যাংকের সহায়তায় ইসিফোরজে নামের প্রকল্পের মাধ্যমে চামড়াজাত পণ্য, প্লাস্টিক, তথ্যপ্রযুক্তি ও হালকা প্রকৌশলÑ এই চার ধরনের রপ্তানি পণ্য খাতকে যোগ্য করে পরিকল্পিতভাবে গড়তে কাজ করছে। প্রকল্পটি বাস্তবায়নে ভূমি বরাদ্দ পাওয়া গেছে, নির্মাণ প্রক্রিয়া চলছে।