বন্যা-পোলাকের সুর ও স্বরের মেলবন্ধন

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাঙালি আমেরিকান সাংস্কৃতিক সংগঠন ধ্রুপদ প্রকাশ করছে কিংবদন্তি রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাকের গানচিত্র। রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান ‘কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না’ এবং সানাই কাব্যগ্রন্থের ‘অসম্ভব’ কবিতাটি নিয়ে সুর ও স্বরের মেলবন্ধন করানো হয়েছে সংগীতচিত্রটিতে। পরিকল্পনা করেছেন ধ্রুপদের কর্ণধার হীরণ চৌধুরী; সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন; ভিডিও পরিচালনা করেছেন ইয়ামিন এলান। রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘রবীন্দ্রনাথের গোপনপ্রাণের নিভৃতপুরে ধরা দিয়েছিলেন তার জীবনদেবতা। কে জানত তিনি আসবেন এমন অনাহূতের মতন! কবি তার ৫২ বছর বয়সে ১৩২০ বঙ্গাব্দে আলো-আঁধারের আনন্দমাধুরীতে ভীমপলশ্রী সুরে মিনতি করে রচনা করেন কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না। আমার বিশ্বাস, এই গান কবিতার যুগলবন্দি সব দর্শক শ্রোতাকে প্রীত করবে।’ গানচিত্রটি দেখা যাবে ধ্রুপদের অফিশিয়াল চ্যানেল ও ফেইসবুক পেজে।