সড়কে প্রাণ গেল ১১ জনের

দেশের ৯ জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। গত শুক্রবার গভীর রাত থেকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে খুলনার সোনাডাঙ্গায় ট্রাকের ধাক্কায় এক এনজিও কর্মকর্তা, বরিশালের বাকেরগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণ, নীলফামারী সদরে ট্রাকচাপায় এক ব্যাংক কর্মকর্তা, জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক্টরের ধাক্কায় এক ব্যবসায়ী, খাগড়াছড়ি সদরে রোলারের চাকায় পিষ্ট হয়ে এক শ্রমিক, মাগুরার মহম্মদপুরে নসিমনের ধাক্কায় এক শিশু, নেত্রকোনার দুর্গাপুরে লরি নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক, রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজন ও নাটোর সদরে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে : 

খুলনা : সোনাডাঙ্গায় বালুবাহী ট্রাকের ধাক্কায় হাফিজুল ইসলাম (৪৮) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল সকালে নগরীর শেখপাড়া বাগানবাড়ি জামে মসজিদসংলগ্ন কেডিএ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। সোনাডাঙ্গা থানার এসআই শান্তনু জানান, গতকাল সকাল ৮টার দিকে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন হাফিজুল। এ সময় শেখপাড়া বাগান বাড়ি জামে মসজিদের কাছে পৌঁছালে পেছন থেকে একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

বরিশাল : বাকেরগঞ্জে সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রায়হান (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লক্ষ্মীপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘটনার সময় ট্রাকটি বরিশাল থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। পথে লক্ষ্মীপাশা এলাকায় নিয়ন্ত্রণ ট্রাকটি হারিয়ে সড়কে পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়। বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নীলফামারী : সদর উপজেলায় ট্রাকচাপায় আতিকুর রহমান (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল দুপুর আড়াইটার দিকে নীলফামারী-চওড়া সড়কের খেতারডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বারত দিয়ে নীলফামারী সদর থানার এসআই মো. ওয়াহেদ আলী জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেলে করে বাজারে যাচ্ছিলেন আতিকুর। পথে খেতারডাঙ্গা নামক স্থানে দ্রুতগতির একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নীলফামারী সদর থানার ওসি মো. আব্দুর রউপ জানান, চালকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।

জয়পুরহাট : পাঁচবিবিতে ট্রাক্টরের ধাক্কায় বাবুল করিম (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বটতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে বটতলী এলাকায় দ্রুতগতির একটি ট্রাক্টর একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাবুলের মৃত্যু হয়। আহত হয় তার শ্যালক আব্দুর রহমান। পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধারের পর মর্গে পাঠায় পুলিশ।

খাগড়াছড়ি : সদর উপজেলায় রোলারের চাকায় পিষ্ট হয়ে জাফর আলী (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল দুপুরে শহরের সার্কিট হাউজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতকাল দুপুরে সার্কিট হাউজ এলাকায় পিচ ঢালাইয়ের কাজ চলছিল। পাহাড়ি উঁচু সড়কে রোলার দিয়ে পিচ ঢালাইয়ের কাজ করার সময় রোলারটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে পেপার মেশিন নিয়ে কাজ করা জাফর আলীকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

মাগুরা : মহম্মদপুরে ইটবোঝাই নসিমনের ধাক্কায় সামিয়া (২) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার নহাটা ইউনিয়নের দরিসালধা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ রতনুজ্জামান জানান, গতকাল বিকেল ৩টার দিকে বোন সানজিদার সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়েছিল সামিয়া। এ সময় স্থানীয় চাকুলিয়া এলাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির ইটবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত নসিমন সামিয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী নসিমনটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

নেত্রকোনা : দুর্গাপুরে বালুবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নুরুল আমিন (২৪) নিহত হয়েছেন। গতকাল ভোরে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বালুভর্তি একটি লরি নিয়ে পূর্বধলার দিকে যাচ্ছিলেন নুরুল আমিন। পথে গতকাল ভোর ৪টার দিকে বালুঘাটা নামক স্থানের একটি ইটভাটার কাছে পৌঁছালে লরিটির নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী : গোদাগাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। গতকাল দুপুরে মোহনপুর জৈটাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গোদাগাড়ী পৌর এলাকার ইসরাইল হক (৪৫) ও মো. রনি (২০)। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দ্রুতগতির একটি ট্রাক গোদাগাড়ী শহরের শহীদ ফিরোজ চত্বরে বসা ধানের হাটে ঢুকে পড়ে। এ সময় ট্রাকটি একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়। গোদাগাড়ী থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে।

নাটোর : সদর উপজেলায় বাসচাপায় এক স্কুলশিক্ষকসহ দুই পথচারী নিহত হয়েছেন। গতকাল সকালে শহরের জজ কোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকার স্কুলশিক্ষক অসিত কর্মকার। অন্যজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা জানান, গতকাল সকাল ৬টার দিকে যাত্রীবাহী বাসটি নাটোর শহরের জজ কোর্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ওই দুই পথচারী আহত হয়। তাদের প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দু’জনেরই মৃত্যু হয়।