পোশাক কারখানার লিফটে আটকে অপারেটরের মৃত্যু

সাভারে একটি তৈরি পোশাক কারখানার ১০ তলা ভবনে লিফটে আটকা পড়ে লিফট অপারেটরের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে সাভার পৌর এলাকার বিরুলিয়া রোডে অবস্থিত আজিম গ্রুপের গ্লোবাল ফ্যাশন লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত লিফটম্যানের নাম মুহাম্মদ জহিরুল ইসলাম (৩২)। তিনি কারখানাটিতে লিফট অপারেটর হিসেবে চাকরি করতেন। 

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান বলেন, সকাল সাড়ে সাতটার দিকে আজিম গ্রুপের গ্লোবাল ফ্যাশন লিমিটেড কারখানার ১০ তলা ভবনের এক নম্বর লিফটে আটকা পড়েন জহিরুল ইসলাম। পরে আটটার দিকে কারখানার লোকজন লিফট খুলে অপারেটর জহিরুল ইসলামকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

জানতে চাইলে আজিম গ্রুপের নির্বাহী পরিচালক জাহিদুর রহমান বলেন, কারখানার একটি লিফটের দরজায় আটকা পড়ে লিফটম্যান আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কোনো নিহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তিনি। 

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি ম্যানেজার মো. ইউসুফ আলী বলেন, সকালে আজিম গ্রুপ থেকে জহিরুল ইসলাম নামে একজন শ্রমিককে নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তবে জরুরি বিভাগে আনার আগেই সে মারা গেছে এবং তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

সাভার মডেল থানার উপপরিদর্শক এসআই ইমরান হোসেন জানান, নিহত লিফট অপারেটর জহিরুল ইসলামের মরদেহটির সুরতহাল করা হচ্ছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।