ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকেরা।
রবিবার বিকেলে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় পলমল গ্রুপের সাফা সোয়েটার লিমিটেডের শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। প্রায় ঘণ্টাখানেক পর কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে নিলে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে চলে যায়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কারখানার শ্রমিকরা জানায়, সাফা সোয়েটার কারখানায় ঈদ উপলক্ষে রবিবার সাত দিনের ছুটির ঘোষণা করে কর্তৃপক্ষ। একই গ্রুপের অন্য একটি প্রতিষ্ঠানে ১০দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তিন দিনের ছুটি বাড়ানো নিয়ে আমরা একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনো ফল পাইনি। অবশেষে বাধ্য হয়েই আন্দোলনে নামে কারখানার শ্রমিকেরা। পরে কর্তৃপক্ষ তাদের দাবি মানলে অবরোধ তুলে নেয়া হয়।
শ্রমিকদের দাবির বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক নুরশেদ আলম বলেন, কারখানার প্রচুর কাজের চাহিদা রয়েছে। তাই ঈদে শ্রমিকদের সাত দিনের ছুটি দিয়েছিল কর্তৃপক্ষ। কারখানার সিদ্ধান্তের বিষয়ে যেহেতু শ্রমিকরা আপত্তি জানিয়েছে তাই আমরা তাদের দাবি মেনে নিয়েছি।
জয়দেবপুর থানার ওসি মামুন আল রশিদ বলেন, কারখানা শ্রমিকদের দাবি পুনর্বিবেচনা করার জন্য তাৎক্ষণিক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। পরে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে তারা মহাসড়ক থেকে চলে যায়।