হাসান আলির বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ১৩২ রানে গুটিয়ে যাওয়া জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি। এ দফায় পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির পেস ও নোমান আলির স্পিন ঘূর্ণিতে কাবু দলটি। হারারে স্পোর্টস ক্লাব মাঠে দুই দলের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে পাকিস্তান তাই জয় থেকে নিশ্বাস দূরত্বে।
রবিবার জিম্বাবুয়ে তাদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২২০ রান তুলে দিন শেষ করেছে। এখনো ১৫৮ রানে পিছিয়ে দলটি। অন্যদিকে জয়ের জন্য মাত্র ১ উইকেট চাই সফরকারী পাকিস্তানের।
আগের দিন পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫১০ রান তুলে ইনিংস ঘোষণা করেছি। পরে দিন শেষ হওয়ার আগ পর্যন্ত জিম্বাবুয়ে ৪ উইকেটে ৫২ রান তুলতে পারে।
সেখান থেকে নতুন দিনের খেলা শুরু করে এদিন দুই ইনিংস মিলে মোট ১৫ উইকেট হারিয়েছে দলটি। প্রথম ইনিংসে হাসান আলি ৫ উইকেট নেন। সাজিদ খান নিয়েছেন জোড়া উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি ও তাবিশ খান।
দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের ৯ উইকেট ভাগ করে নিয়েছেন নোমান ও শাহিন আফ্রিদি। নোমান ৫টি ও শাহিন নেন ৪ উইকেট।
ফলোঅন করতে নামা জিম্বাবুয়ের পক্ষে অন্যদের ব্যর্থতার মাঝেও দারুণ ব্যাট করেন রেগিস চাকাভা। ৮০ রান করেন তিনি। এ ছাড়া ৪৯ রান এসেছে ব্রেন্ডন টেইলরের ব্যাট থেকে। লুক জঙ্গুয়ে (৩১) ও ব্লেসিং মুজারাবানি (০) সোমবার নতুন দিনের খেলা শুরু করবেন।
দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি ইনিংস ও ১১৬ রানে জিতেছিল সফরকারী পাকিস্তান।