বিয়েটা আর পেছাতে চান না কণ্ঠশিল্পী প্রতীক হাসান। ঈদের পরই তিনি বসছেন বিয়ের পিঁড়িতে। আর এ বিয়েতে উপস্থিত থাকবেন কেবল বর-কনের পরিবারের সদস্যরা। গত বছর বিয়ের দিনক্ষণ প্রায় ঠিক হয়েই ছিল। ঠিক তখনই করোনার সংক্রমণ বাড়তে শুরু করে। এ বছর আবার যখন বিয়ের আনুষ্ঠানিকতার প্রস্তুতি নিচ্ছিলেন তারা, তখন আবারও বেড়ে যায় করোনার সংক্রমণ। প্রতীকদের পরিবার, স্বজন ও বন্ধুদের অনেকে দেশের বাইরে থাকেন। সবার ইচ্ছা ছিল এ বিয়েতে উপস্থিত থাকবেন। তাদের কথা ভেবেই বিয়ের আয়োজনটা বেশ বড় করে করার ইচ্ছা ছিল প্রতীকদের। কিন্তু বারবার বাধাগ্রস্ত হয় সেই পরিকল্পনা। তিনি জানান, গত বছরের শেষের দিকে ঢাকা ও ঢাকার বাইরে কনসার্ট শুরু করেছিলেন। পরিস্থিতি তখন স্বাভাবিকই মনে হচ্ছিল। সে সময় তাদের পরিকল্পনা ছিল, বড় আয়োজনে ধুমধাম করে বিয়েটা হবে। সে পথে এবার আর হাঁটবেন না এই গায়ক। প্রতীক বলেন, ‘বড় পরিসরে আমাদের বিয়েটা হচ্ছে না। ঈদের পরপরই দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয়তো ঘরোয়া পরিবেশে আমাদের বিয়ে হবে। এবারের করোনা পরিস্থিতি মারাত্মক। আমাদের বিয়ে নিয়ে কেউ যেন মন খারাপ না করেন, সে জন্য পরিস্থিতি ভালো হলে আমরা বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করব।’
সাধারণত ঈদের আগে পরিবারের সঙ্গে সময় কাটানো কঠিন হয়ে পড়ে। তবে এবার লকডাউনের জন্য পেশাগত কিছু কাজের বাইরে মায়ের সঙ্গেই পুরো সময়টা কাটে তার। হবু স্ত্রীসহ পুরো পরিবারের সবাই সিদ্ধান্ত নিয়েছেন, এবার শপিংয়ে যাবেন না। প্রতীক জানান, ঈদে কিছু সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। বিয়ের পর যদি করোনার সংক্রমণ কমে, তখন আবারও নিয়মিত গানে ফিরবেন।