দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে ট্রাকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক ও ট্রাক্টরের হেলপার নিহত হয়েছেন।
সোমবার সকাল ৭টার দিকে দিনাজপুর-রংপুর সড়কের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে বাজারে ইছামতি ডিগ্রি কলেজ গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক পাবনা জেলার সাথিয়া উপজেলার বাসিন্দা বাদল ইসলাম (৩৬) ও ট্রাক্টরের হেলপার দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বাসিন্দা এরশাদ আলী (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার ওসি কেরামত আলী বলেন, রানীরবন্দর কলেজ মোড় এলাকায় ইছামতি ডিগ্রি কলেজ গেটের সামনে গাছের গুঁড়ি বহনকারী একটি ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে ট্রাকের চালক বাদল ইসলামের মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাক্টরের চালক ও হেলপারকে উদ্ধার করে পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে চিকিৎসাধীন অবস্থায় হেলপার এরশাদ আলী মারা যান।
আহত ট্রাক্টর চালক একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে দশমাইল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।