প্রকল্পের টাকা আত্মসাতের চেষ্টা

এনজিও পরিচালকের বিরুদ্ধে দুদকে অভিযোগ

নারীর কর্মসংস্থান ও নারী উদ্যোক্তা তৈরির নামে সরকারি প্রকল্পের বরাদ্দ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে দিনাজপুর কলোনিপাড়া মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক জান্নাতুস সাফা শাহীনুরের বিরুদ্ধে।

প্রকল্পের অর্থ আত্মসাৎ ও প্রতারণার বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) গত ৩ মে অভিযোগ দিয়েছেন দিনাজপুরের ১৩ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানরা। 

গত ৯ মে রবিবার দুপুরে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ বরাবর সুবিধাবঞ্চিত তিথি বিশ্বাস, আফরিন আক্তার সোমা, নুসরাত জাহান, সাজেদা বানু ও সারেজাহান লিখিত অভিযোগ দেন।

অভিযোগে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ ভাতা বাবদ দৈনিক ৫০০ টাকা হারে ১৫ হাজার টাকা প্রদানের কথা থাকলেও গত রবিবার শুধু একটি করে সেলাই মেশিন দেওয়া হয়েছে। কিন্তু জনপ্রতি সরকারের বরাদ্দকৃত ভাতা দেওয়া হয়নি।

এ ব্যাপারে কলোনিপাড়া মহিলা উন্নয়ন সমিতির পরিচালক জান্নাতুস সাফা শাহীনুর বলেন, ‘আমি অর্থ বিনিময়ের মাধ্যমে এই প্রকল্প এনেছি। বর্তমানে যা প্রশিক্ষণার্থীদের মাঝে দিয়েছি সেটাই অনেক বেশি দিয়েছি।’