ভারতের এক দল খেলবে ইংল্যান্ডে, আরেক দল শ্রীলঙ্কায়

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নিশ্চিত করেছে, জুলাইয়ে সাদা বলের ক্রিকেট খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। সোমবার বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এমনটাই ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা।

ভারতীয় গণমাধ্যম পিটিআই’কে গাঙ্গুলি বিষয়টি জানিয়েছেন এবং ওই কর্মকর্তাও নিশ্চিত করেন, টিম ইন্ডিয়ার সাদা বলের ক্রিকেট বিশেষজ্ঞরা দ্বীপ রাষ্ট্রটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে। তিনি বলেন, ‘আমরা পরিকল্পনা করেছি, সাদা বলের সিরিজের জন্য ভারতের সিনিয়র দল জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে যাবে। যেখানে তারা টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে।’

লঙ্কান সফরে থাকবেন শিখর ধাওয়ান, পৃথ্বি শ, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, নবদ্বীপ সাইনি, খলিল আহমেদ, যুজুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব এবং অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেটাররা। ভারতীয় নির্বাচকেরা মনে করেন, এই সিরিজে শক্তিশালী স্কোয়াড দাঁড় করাতে পারবেন তারা।

ইংল্যান্ড সফরে যারা যাবেন শ্রীলঙ্কার বিপক্ষে থাকবেন না তারা। অনেকে মনে করছেন, রাহুল দ্রাবিড় এবং তার জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) কর্মকর্তারা লঙ্কান সফরে যাওয়া দলের কোচ হিসেবে সফর সঙ্গী হতে পারেন। এই সম্ভাবনাটি অস্বীকার করেননি বিসিসিআইয়ে ওই অফিসারটিও। এমন এক প্রতিবেদনই প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

তবে বড় প্রশ্ন উঠেছে, এক দলের ভিন্ন দুই প্রান্তে দুই দলের এমন সিরিজ নিয়ে। একই সময় একই দলের ভিন্ন সিরিজ খেলার এমন এক ধারণা প্রথমবার দিয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সির) সাবেক সিইও জেমস সাদারল্যান্ড। ২০১০ সালে অস্ট্রেলিয়ান গণমাধ্যমে তিনি বলেছিলেন, ‘যখন এখানে টেস্ট সিরিজ হবে, অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ খেলতে অন্য কোনো সফরে যেতে পারে। এটা দেখা কঠিন নয় যে, এক প্রজন্মের ক্রিকেটারদের টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে উঠে আসার। টি-টোয়েন্টি ক্রিকেট খেলার কারণে পরিষ্কারভাবে খেলোয়াড়দের বাছাইয়েও বেশ সুবিধা হয়।’

বিসিসিআইয়ের দুই দল বিষয়ে সাদারল্যান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্রিকবাজকে জানান, তিনি সব সময় এটি হচ্ছে, এমনটা দেখে আসছেন। সাদারল্যান্ড বলেন, ‘এটা অনিবার্য ছিল।’

ভারতের দুটি দল দুটি ভিন্ন সফরে থাকবে, এমনটা নজিরবিহীন নয়। ১৯৯৮ সালে, কুয়ালালমাপুরে কমনওয়েলথ গেমসে খেলতে নামে ভারতের একটি দল এবং আরেক দল খেলে কানাডায় সাহারা কাপে। খুব সম্প্রতি, অস্ট্রেলিয়া সাদা বলের ক্রিকেট দল যায় নিউজিল্যান্ড সফরে আর টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যায় আরেক দল। তবে কোভিড পরিস্থিতির কারণে প্রোটিয়াদের বিপক্ষে সেই টেস্ট সিরিজ বাতিল হয় যায়। গত গ্রীষ্মে, ইংল্যান্ডের এক দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে, অন্য দল তিন ম্যাচের সাদা বলের ক্রিকেট খেলে আয়ারল্যান্ডের বিপক্ষে। ইংলিশরা আইরিশদের বিপক্ষে সেই সিরিজ খেলেছিল ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টেস্টের মাঝামাঝি।

টিম ইন্ডিয়া জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে গেলেও ম্যাচের সময়সূচি কবে, তা জানা যায়নি। অন্যদিকে বিরাট কোহলিরা ইংল্যান্ড সফরে পাঁচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ৪ আগস্ট।