ডুবে যাওয়ার আগে সাহায্যের জন্য হাত নাড়েন মাইক্রোর চালক

দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া মাইক্রোবাসের চালক শেষ মুহূর্তে সাহায্য চেয়ে হাত নেড়েছিলেন। প্রত্যক্ষদর্শী এক যুবক এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার ঝড়ের আঘাতে পন্টুনের তার ছিঁড়ে সকাল সাড়ে ১১টায় পদ্মা নদীতে ওই মাইক্রোবাস ডুবে যায়। দুই ঘণ্টার উদ্ধার তৎপরতা শেষে দুপুর দেড়টার দিকে মাইক্রোবাসটি ওপরে তুলতে সক্ষম হয় উদ্ধারকারী দল। তবে মাইক্রোবাসের চালককে গাড়ির মধ্যে পাওয়া যায়নি।

তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন। সাদা রংয়ের নোয়া মাইক্রোবাসটি পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে নদী পার হতে পন্টুনে অপেক্ষায় ছিল। ওই মাইক্রোতে অন্য কোনো যাত্রী ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, নদীতে হঠাৎ প্রচণ্ড ঝড়ো-বাতাস শুরু হওয়ায় সৃষ্ট ঢেউয়ের আঘাতে পন্টুনের তার ছিঁড়ে যায়। এ সময় মাইক্রোবাসটি প্রচণ্ড ঝাঁকুনিতে নদীতে পড়ে যায়। খবর পেয়ে প্রায় ৩০ মিনিটের মধ্যে রাজবাড়ী, গোয়ালন্দ ও পাটুরিয়া থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। বেলা দেড়টার দিকে মাইক্রোটিকে ওপরে তুলতে সক্ষম হই। এ সময় মাইক্রোর পেছনের ডালা ভাঙা ছিল। ধারণা করছি ভেতরে কেউ থাকলে হয়তো ভাঙা অংশ দিয়ে বের হয়ে যেতে পারেন।

প্রত্যক্ষদর্শী ঢাকা মিরপুর বাংলা কলেজের ছাত্র জাহিদ হাসান জানান, তিনি পাটুরিয়া ঘাট থেকে শাপলা-শালুক ফেরিতে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে আসছিলেন। ঘাটের কাছাকাছি আসলে তাদের ফেরিটি ঝড়ের কবলে পড়ে। চালক দক্ষতার সঙ্গে ফেরিটি ৫ নম্বর ঘাটে ভেড়াতে সক্ষম হন। এ সময় চোখের সামনেই পন্টুনের তার ছিঁড়ে গেলে মাইক্রোবাসটি প্রচণ্ড ঝাঁকুনিতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ডুবে যাওয়ার আগমূহুর্তে মাইক্রোর চালক সাহায্যের জন্য হাত নাড়লেও তাকে সাহায্য করার মতো কোনো অবস্থা কারো ছিল না। মাইক্রোটিতে আর কোনো যাত্রী ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ এবং থানা ও নৌ-পুলিশের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

খবর পেয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুন, এসিল্যান্ড রফিকুল ইসলাম,  গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মুন্নাফ হোসেনসহ বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করেন।