গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে প্রায় দুই মাস আগে পালিয়ে যাওয়া নীলগাই টাঙ্গাইল থেকে উদ্ধার করা হয়েছে।
মধুপুর উপজেলা থেকে সোমবার বিকালে উদ্ধার নীলগাইটি মঙ্গলবার সকালে পার্কে ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার টাঙ্গাইল বনবিভাগের সহকারী বন সংরক্ষক (মধুপুর) জামাল উদ্দিন তালুকদার এ তথ্য জানান।
তিনি জানান, গত ১৯ ফেব্রুয়ারি নীলগাইটি সাফারি পার্ক থেকে পালিয়ে যায়। সোমবার বিকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার দক্ষিণ লাউফুলা গ্রামের লোকজন নীলগাইটিতে দেখতে পেয়ে ধরার জন্য ধাওয়া করে। কয়েক ঘণ্টা ধাওয়া খেয়ে পরিশ্রান্ত হয়ে স্থানীয় ফরমান আলীর বাড়ির উঠনে থামলে গাইটিকে আটক করা হয়।
তিনি বলেন, খবর পেয়ে আলোকদিয়া ফাঁড়ি পুলিশ ও বনবিভাগের লোকজন গিয়ে গাইটিকে উদ্ধার করে।
জামাল বলেন, নীলগাইটির দৈর্ঘ্য ৬ ফুট, উচ্চতা ৪ ফুট, মুখ লম্বা ও গলার নিচে লম্বা ঘন কেশ রয়েছে। এটি ভারতীয় নীলগাই। শুধু ইন্ডিয়াতেই নয়, সারা বিশ্বে প্রাণিটি বিপন্নের তালিকায় রয়েছে।
প্রায় এক বছর আগে নীলগাইটি ভারতের সীমান্ত দিয়ে পঞ্চগড় জেলায় ঢুকে পড়লে এলাকাবাসী ধরে একে বনবিভাগের কাছে হস্তান্তর করে। পরে নীলগাইটি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
এ নীলগাইটি উদ্ধারের পর সোমবার রাতেই সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে আলোকদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক এসআই সিরাজুল ইসলাম জানান।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, পার্কের ডিয়ার সাফারি বেষ্টনীতে দুইটি নীলগাই ছিল। বেষ্টনীটি হরিণের জন্য উপযোগী থাকলেও নীলগাইয়ের উপযোগী করে তৈরি ছিল না।
গত ১৯ ফেব্রয়ারি পার্কের পাশে এক অগ্নিকাণ্ডের ঘটনায় ভয়ে বেষ্টনী ডিঙ্গিয়ে পালিয়ে গিয়েছিল নীলগাইটি। পরে বিভিন্ন স্থানে খোঁজেও সন্ধান মিলছিল না তার। বর্তমানে ওই বেষ্টনী আরও উঁচু করা হচ্ছে।