করোনার সময় যে কোনো সিরিজ শুরুর আগে এবং সিরিজ চলাকালীন কোভিড প্রোটোকল মেনে জৈব সুরক্ষা বলয় অর্থাৎ বায়ো বাবলে থাকা বাধ্যতামূলক। বাংলাদেশ সফর শুরুর আগে এবার জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করল শ্রীলঙ্কা ক্রিকেট দল।
এই বায়ো সেফটি বাবলে কঠোরভাবে পালন করা হবে সমস্ত কোভিড প্রোটোকল। একথা আগে থেকেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জানা গেছে জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটারদের সঙ্গে কোচ ও কর্মকর্তারাও যোগ দিয়েছেন। মঙ্গলবার থেকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে লঙ্কানরা। বলয়ে প্রবেশের আগে সব সদস্যদের করোনা পরীক্ষা করানো হয়েছে। সেই পরীক্ষায় ১৮ জন ক্রিকেটারের রিপোর্ট নেগেটিভ আসে।
জানা গেছে শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াডের দুই অভিষেক না হওয়া ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেও তারা মূল স্কোয়াডে না থাকার কারণে সেভাবে চিন্তার কারণ নেই।
বাংলাদেশ সফরের দল আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ২৩ মে থেকে বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর কথা রয়েছে। ১৬ মে ঢাকায় আসার কথা লঙ্কানদের।