খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের মামলায় এনটিভির খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়ব জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বিকেল ৫টার দিকে তিনি খুলনা জেলা কারাগার থেকে মুক্ত হন তিনি।
গত ২০ এপ্রিল রাত ১০টার দিকে তাকে খুলনা থানা পুলিশ নগরীর নূরনগর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। ওইদিন বিকেলে খুলনা সিটি মেয়র ও আওয়ামী লীগের খুলনা মহানগর সভাপতি তালুকদার আব্দুল খালেক সাংবাদিক আবু তৈয়বের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
সাংবাদিক আবু তৈয়বের আইনজীবী অ্যাডভোকেট আক্তার জাহান রুকু জানান, খুলনার আদালতে দুই দফা জামিন আবেদন নাকচ শেষে উচ্চ আদালত তাকে জামিন দেয়। জামিন সংক্রান্ত কাগজপত্র খুলনা আদালতে বুধবার এলে তা কারাগারে পাঠানো হয়। কারাগার হতে তিনি বিকাল ৫টার দিকে ছাড়া পান।
প্রসঙ্গত, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচারের কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। গত ১৮ এপ্রিল সাংবাদিক আবু তৈয়ব তার ব্যক্তিগত ফেইসবুকে ‘বন্ড লাইসেন্স ম্যানেজিং ডাইরেক্টর খুলনা সিটি মেয়র? শুল্ক ফাঁকীর জন্য আড়াই কোটি টাকার অর্থ দণ্ড, পাঁচ কোটি ৫৩ লাখ টাকা দাবিনামা। বন্ড লাইসেন্স বাতিল’ শিরোনামে একটি দীর্ঘ পোস্ট দেন।