পবিত্র ঈদুল ফিতর এবং করোনা মহামারি উপলক্ষে সোনাগাজীর মজলিশপুর সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ১২ শত দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার স্থানীয় মজলিশপুর ঈদগাহ মাঠে নিরাপদ দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম।
আয়োজকরা জানান, করোনাকালীন অর্থনৈতিক মন্দার মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রামীণ জনপদে নেমে আসা অর্থনৈতিক বিপর্যয়ের মাঝে সমাজ উন্নয়ন ফাউন্ডেশন দুটি ইউনিয়নের ৩০টি ক্লাবের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার ১২০০ হতদরিদ্র পরিবার খুঁজে বের করে তাদের জন্য ঈদ সামগ্রী সরবরাহের উদ্যোগ নেওয়া হয়।
প্রতিটি পরিবারের জন্য বিতরণকৃত খাবারের মধ্যে ছিল লাচ্ছা সেমাই ৫ প্যাকেট, কুলসন সেমাই ২ প্যাকেট, নুডুলস ২ প্যাকেট, পাউডার দুধ মাঝারি ১ প্যাকেট, চিনি ১ কেজি ও পরিমাণ মতো কিচমিচ, বাদাম এবং নগদ টাকা ২০০ করে।
স্থানীয় যুব সংগঠনগুলোর সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে খাবার প্যাকেটজাত করা হয় এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে বণ্টন করা হয়। খাদ্যপণ্য ভর্তি প্যাকেটগুলো সাজানো হয় নিরাপদ দূরত্বে সারিবদ্ধভাবে। এরপর পূর্ব নির্ধারিত উপকারভোগিদের হাতে তুলে দেওয়া হয় স্বাস্থ্যবিধি মেনে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মজলিশপুর সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের সহসভাপতি ওমর ফারুক। আরো বক্তব্য রাখেন সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক বাবলু, নুর করিম, চরমজলিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের প্রমুখ।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজ উন্নয়ন ফাউন্ডেশন নেতৃবৃন্দ এবং সহযোগী ক্লাবের নেতারাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে করোনাকারীন এ রমজান মাস উপলক্ষে সারা দেশের দরিদ্র মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য তিনি সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।