দেশে ফিরতে হিলি চেকপোস্টে ভারতীয় ট্রাক চালকদের অবস্থান

ভারত থেকে আমদানিকৃত পণ্য ট্রাক থেকে খালাস না হওয়ায় হিলি স্থলবন্দরে আটকে পড়েছেন ভারতীয় ট্রাক চালকরা। তারা নিজ দেশে ঈদ উদযাপন করতে যাওয়ার অপেক্ষায় সীমান্তের চেকপোস্ট গেটে অবস্থান নিয়েছেন।

এদিকে খালি ট্রাক যাওয়া বন্ধ করে দিলেও পরবর্তীতে কর্তৃপক্ষের আশ্বাসে সেটি ছেড়ে দেন তারা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে হিলি সীমান্তের চেকপোস্ট গেটে ভারতীয় ট্রাক চালকরা দেশে প্রবেশের অপেক্ষায় অবস্থান নেন।

এ সময় তাদের বাধার মুখে পণ্য খালাস করা ভারতীয় ট্রাকগুলো ভারতে যাওয়া বন্ধ হয়ে যায়। দেড় ঘণ্টা বন্ধের পর কর্তৃপক্ষের আশ্বাসে খালি ট্রাকগুলো চলে যায়।

ভারতীয় ট্রাক চালক আশরাফুল ইসলাম বলেন, আমরা গতকালকে আমদানিকৃত পণ্য নিয়ে ভারত থেকে হিলি স্থলবন্দরে এসেছি। ভারতীয় আ্যসোসিয়েশন থেকে আমাদের জানানো হয়েছিল যদি ট্রাক খালি না হয় তাহলে যেহেতু ঈদ তাই সকল চালককে নিজ দেশে ফেরত নিয়ে যাবে। কিন্তু গতকাল আমাদের ট্রাক থেকে পণ্য খালি হয়নি সে মোতাবেক বন্দরে ট্রাক রেখে আমাদেরকে বন্দর কর্তৃপক্ষ বাহির করে দিয়েছে ভারতে ঈদ করতে যাওয়ার জন্য।

কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ আমাদেরকে এখন পর্যন্ত নেওয়ার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সে কারণে আমরা চালকরা এখানে অবস্থান নিয়েছি।

‘আমরা মুসলমান চালক, আমরাতো ঈদের নামাজ আদায় করবো, আমাদের জন্য আমাদের পরিবার পরিজন অপেক্ষায় রয়েছে। কিন্তু এদেশে তো আমরা ঈদ করতে পারবো না, এর উপর আমাদের এখানে তো কিছুই নেই এর উপর যেহেতু লকডাউন চলছে তার কারণে আমরা বন্দরের বাইরে যেতে পারি না তাই আমাদেরকে যেন দ্রুত ভারতে ফিরিয়ে নেওয়া হয় এই দাবি জানাচ্ছি। 

অপর ট্রাক চালক সিদ্দিক হোসেন বলেন, ১১ মে ভারত থেকে আমদানিকৃত গম নিয়ে হিলি স্থলবন্দরে আসি। কিন্তু আমরা বলেছিলাম যে ঈদের কারণে পণ্য খালাস হবে না কিন্তু রপ্তানিকারকরা বলেছিল খালাস হয়ে যাবে কিন্তু এখন খালি হলো না। এর কারণে বন্দরের ভেতরে শতাধিক ট্রাকের ড্রাইভার আটকা পড়ে রয়েছি।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ বলেন, বন্দরে পণ্য খালাস না হওয়ার কারণে আটকে পড়া ভারতীয় ট্রাক চালকদের ভারতে যাওয়ার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি না হওয়ায় চালকরা যেতে পারছে না। গতকাল তারা অনুমতি দিয়েছিল কিন্তু রাত্রে আবার তাদের উচ্চপর্যায় থেকে সেই অনুমতি বাতিল করে।

কিন্তু গতকালের সিদ্ধান্ত মোতাবেক ভারতীয় ট্রাক চালকরা সকাল থেকে সীমান্তের চেকপোস্ট গেটে অবস্থান করতে থাকে। এ বিষয়ে আমরা ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি তারা নাকি অনুমতি পেয়েছে হয়তো বা কিছুক্ষণের মধ্যে তারা ভারতে যেতে পারবে।