বাংলাদেশের বিপক্ষে নির্ভীক ক্রিকেটের মন্ত্র পেরেরার

দু’দিন পরই ঢাকায় আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। উদ্দেশ্য বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টাইগারদের বিপক্ষে এই সিরিজে সাফল্য পেতে সতীর্থদের নির্ভীক ক্রিকেটের মন্ত্র বাতলে দিলেন নতুন অধিনায়ক কুশল পেরেরা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমকে পেরেরা বলেন, ‘জিততে হলে আমাদের ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। ম্যাচে জয়-পরাজয় আছে, কিন্তু ভয় পেলে চলবে না।’

‘যদি দলে নিজের জায়গা নিয়ে উদ্বিগ্ন থাকেন, তাহলে কখনোই শতভাগ দেওয়া যাবে না। আমি খেলোয়াড়দের একটি কথাই বলব- মাঠে যাও। নিজেদের সেরাটা উজাড় করে দাও।’

অনেক পরিবর্তন এনে বাংলাদেশের বিপক্ষে দল স্কোয়াড ঘোষণা করে শ্রীলঙ্কা। আগের অধিনায়ক দিমুথ করুনারত্নে, অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমালসহ নিয়মিত খেলোয়াড়দের অনেকেই নেই দলে।

পেরেরা মাঝে দলেই ছিলেন না। এক বছরের বেশি সময় পর তিনি দলে ফিরেছেন অধিনায়ক হয়ে। সতীর্থদের উদ্দেশ্যে যার চাওয়া, ‘আমি যদি অনুশীলনেও ভয়ডরহীন থাকি তাহলে সেটা মাঠে প্রয়োগ করতে পারব। এটাই ছেলেদের জন্য আমরা বার্তা। আমরা যদি মাঠে নামার আগেই ভয় পাই তাহলে সামনে এগিয়ে যেতে পারব না।’

‘আমি এখানে এমন একটি ক্রিকেট সংস্কৃতি তৈরি করতে চাই, যারা আত্মবিশ্বাস নিয়ে প্রতিপক্ষকে মোকাবিলা করবে এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলবে।’

২৩ মে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।