শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে টিভিতে ‘হাসিনা: এ ডটার’স টেল’

আগামী ১৭ মে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই দিবসকে ঘিরে আরও একবার টিভি পর্দায় দেখা যাবে ডকুড্রামা ‘হাসিনা: এ ডটার’স টেল।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ কথা জানানো হয়েছে।

 ‘হাসিনা: এ ডটার’স টেল’ ডকুড্রামাটি সোমবার প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডসহ বেশ কিছু বেসরকারি টেলিভিশন চ্যানেলে।

‘হাসিনা: এ ডটার’স টেল’ বাংলাদেশ টেলিভিশনে এবং বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ১৭ মে দুপুর ৩টা ৩০ মিনিটে। একই দিনে বেসরকারি বিভিন্ন চ্যানেলেও সম্প্রচার করা হবে এই ডকুড্রামাটি।

স্টার সিনেপ্লেক্সে ২০১৮ সালের ১৫ নভেম্বর প্রিমিয়ার শো’র মাধ্যমে যাত্রা শুরু করে ‘হাসিনা : এ ডটার’স টেল।’

স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমায়, মধুমিতা সিনেমা হল এবং সিলভার স্ক্রিনে প্রদর্শনী হওয়ার পর পরবর্তীতে সারা দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের আরও ৩৫টি সিনেমা হলে প্রদর্শন করা হয় ‘হাসিনা: এ ডটার’স টেল’ ডকুড্রামা। পরবর্তীতে ডকুড্রামাটি টেলিভিশন চ্যানেলেও সম্প্রচার করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের মুখ থেকে তার বিদেশ জীবন, দেশে ফিরে আসার কথা শোনা যায় এই চলচ্চিত্র। স্বদেশ প্রত্যাবর্তনের কথাও এখানে বর্ণনা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়, বরং এই ডকুড্রামার মূল উপজীব্য বিষয় ছিল জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

‘হাসিনা: এ ডটার’স টেল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সিআরআই। প্রযোজক হচ্ছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু। পরিচালনা করেছেন অ্যাপল বক্স ফিল্মসের পিপলু খান।