পশ্চিমবঙ্গের কলকাতা শহরে নিজের উদ্যোগে একটি ‘সেফ হোম’ চালু করলেন অভিনেতা যিশু সেনগুপ্ত।
রবিবার সকালে ভারতীয় গণমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত জানান যিশু। সাক্ষাৎকারে তিনি বলেন, লেক মার্কেট এলাকার একটি বাড়িতে তিনি করোনা আক্রান্তদের সেবা দেবেন।
মঙ্গলবার থেকে রোগী ভর্তি শুরু হবে সেখানে।
বাড়িটিতে পরিষ্কার-পরিচ্ছন্ন ২০টি বেড রয়েছে। অক্সিজেন সিলিন্ডারও ২০টি। জোগাড় করেছেন আরও যন্ত্রপাতি।
এবিপি আনন্দের একটি ভিডিওতে যিশুকে বলতে শোনা গেছে, ‘এপ্রিলের মাঝামাঝি বিষয়টি আমার মাথায় এসেছিল।’
যিশু এরপর পরিচিত একজনকে ফোন করে বাড়ি খুঁজতে বলেন। কিন্তু কিছুতেই তারা ম্যানেজ করতে পারেননি।
পরে স্থানীয় বিধায়ককে ফোন করেন। তিনি এক-দুদিন সময় নিয়ে পরের দিনই যিশুকে একটা বাড়ি দেন।
ফোনে বলেন, ‘যিশু তোমার পুরোনো পাড়ায় একটা বাড়ি আছে। ওটা নিয়ে যাও।’
শনিবার সেফ হোমটি দেখতে যান বিধায়ক দেবাশীষ কুমার। তিনি সেখানে সাংবাদিকদের বলেন, ‘আমার মেয়ের কাছ থেকে প্রথম বিষয়টি জানতে পারি। শুনেই ওদের সাহায্য করতে চেয়েছি। এর থেকে ভালো উদ্যোগ আর হতে পারে না।’
ভারত করোনার চলমান ঢেউয়ে রীতিমতো বিধ্বস্ত। সংক্রমণ কিছুটা কমলেও দৈনিক মৃত্যু ফের চার হাজার ছাড়িয়ে গেছে।
শনিবার দৈনিক শনাক্ত নেমেছিল ৩ লাখ ২৬ হাজারে। রবিবার তা আরও কিছুটা কমে ৩ লাখ ১১ হাজার ১৭০ জনে দাঁড়িয়েছে।
তবে মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৭ জনের।