চট্টগ্রামের আনোয়ারায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হওয়া চারজনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। আগুনে শনিবার রাতে আবদুর রহমান (৬২) নামে একজনের মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে মারা যান আরব আলী (৫০) নামে আরেকজন।
নিহত দুজনই সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানিয়েছেন বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী।
তিনি জানান, ৯ মে সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বরুমচড়া গ্রামের ইসহাক সওদাগরের বাড়ির আহমদ হোসেনের ঘরে একটি গ্যাস সিলিন্ডার আনা হয়। সিলিন্ডারটি চুলায় লাগানোর সময় লিকেজ হয়ে ক্রমাগত গ্যাস বের হতে থাকে। ওই সময় পরিবারের লোকজন গ্যাস বন্ধ করার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে পাশের ঘরের চুলার আগুন ছড়িয়ে পড়ে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হন।
ঘটনার পর আগুনে দগ্ধ আবদুর রহমান (৬২), আরব আলী (৫০) ও মো. ফরহাদকে (১৯) ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আর আহমদ হোসেনের স্ত্রী তানজিনা আক্তারকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় চাচা-ভাতিজার মৃত্যু হয়।