শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে সোমবার থেকে জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তার আগে রবিবার থেকেই শুরু হয়েছে ক্রিকেটারদের করোনা পরীক্ষা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, গতকাল থেকে ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা শুরু হয়। আগামীকাল আবারো করোনার পরীক্ষার জন্য নমুনা নেওয়া হবে।
তিনি বলেন, ‘ঈদের কারণে অনেকেই ঢাকায় ছিলেন না। শনিবার যারা ঢাকায় ছিলেন তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। আর ঈদের ছুটিতে যারা ঢাকার বাইরে থেকে এসেছেন, তাদের কোভিড পরীক্ষা আজ হয়েছে। সোমবার যারা ঢাকায় আছেন এবং যারা বাইরে থেকে ঈদের পর এসেছেন তাদের আবার পরীক্ষা করা হবে। পরীক্ষায় নেগেটিভরা সরাসরি হোটেলের জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করবে।’
এদিকে ওয়ানডে সিরিজ খেলতে সকালে ঢাকায় পা রাখে শ্রীলঙ্কা ক্রিকেট দল। হোটেলে পৌঁছে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবে তারা।
২৩ মে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে। দিবারাত্রির তিনটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।
আরো পড়ুন