ফিলিস্তিন ইস্যু সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল রবিবার ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) কার্যনির্বাহী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ আহ্বান জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন বলেন, বাংলাদেশ জাতিসংঘ রেজল্যুশন, আরব পিস ইনিশিয়েটিভ এবং কোয়ার্টার রোডম্যাপ মেনেই ফিলিস্তিন ইস্যুতে একটি টেকসই সমাধানে বিশ্বাসী। আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আল-কুদস আল শরিফকে নিরাপত্তা ও দখল করা জমিতে সহিংসতার বিষয়টি উত্থাপন করা উচিত।
তিনি আরও বলেন, নিরীহ বেসামরিক নাগরিক হত্যার ন্যায্যতা প্রমাণ করতে পারে, এমন কোনো অজুহাত হতে পারে না। সাম্প্রতিক ঘটনায় নিহতদের প্রতি দুঃখ ও গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। এ ঘটনায় ফিলিস্তিনের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংহতি জানিয়ে চিঠি দিয়েছেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘে ওআইসি গ্রুপের বিবৃতিকে সমর্থন জানানো হয়। একই সঙ্গে নিরাপত্তা পরিষদ দায়িত্ব পালনে ব্যর্থ হলে জাতিসংঘের বিশেষ জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানায় বাংলাদেশ। বৈঠকে ড. মোমেন ওআইসি সদস্য রাষ্ট্রকে মানবতার জন্য দৃঢ়ভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আল-কুদস আল শরিফে নিরীহ বেসামরিক লোকদের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর সন্ত্রাসী প্রকৃতির আক্রমণের পরিপ্রেক্ষিতে ওআইসি এ জরুরি বৈঠক ডাকে।