কাজি আকরাম আলি ভারতে গিয়েছিলেন অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করাতে। বেঙ্গালুরুতে কিডনিজনিত সমস্যায় আক্রান্ত স্ত্রীকে চিকিৎসা করিয়ে দেশে ফেরার জন্য কলকাতায় হোটেলে উঠেছিলেন জিমন্যাস্টিকসের এই কোচ। শনিবার সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আকরাম স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল ভারতের হাওড়ায় মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান, ‘আকরামের পূর্বপুরুষ ভারতের। সেখানে আত্মীয় স্বজনও আছেন। তার ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। তাছাড়া কভিডের বিধিনিষেধের মধ্যে দেশে এনে তার দাফন করা সময়সাপেক্ষ ও জটিল ছিল।’ এক সময় ঘরোয়া পর্যায়ে ফুটবল খেললেও জিমন্যাস্ট হিসেবে আকরামের আত্মপ্রকাশ ঘটে ১৯৭৩ সালে। ঘরোয়া পর্যায়ে বিটিএমসিতে দীর্ঘদিন খেলার পর কোচিংয়ে মনোনিবেশ করেন। বিটিএমসির কোচ থাকাবস্থায় ভারতের পাতিয়ালা থেকে কোচিংয়ের ওপর ডিপ্লোমা করে এসে তিনি যোগ দেন বিকেএসপিতে। এছাড়া দুই মেয়াদে জিমন্যাস্টিকস ফেডারেশনের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন আকরাম। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন।