প্রথম করোনা টেস্টে বাংলাদেশের সবাই নেগেটিভ

সোনারগাঁ প্যান প্যাসিফিক হোটেলের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে প্রথম করোনা টেস্টে বাংলাদেশ দলের সবার রেজাল্ট নেগেটিভ এসেছে।

বিসিবির চিকিৎসক ডাঃ দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফ মিলে শনি ও রবিবার মোট ৩১ জনের কভিড-১৯ টেস্ট করানো হয়। কারও পজিটিভ নেই।

সোমবার আরও একবার টেস্ট করা হবে। সেই দ্বিতীয় ও শেষ টেস্টে নেগেটিভরা জৈব সুরক্ষা বলয়ের ভেতরে থাকবেন।

দেবাশীষ জানিয়েছেন, শেষ টেস্টে পজিটিভ হওয়া সবাই মঙ্গলবার শেরে বাংলায় প্র্যাকটিসে অংশ নেবেন এবং তারপর হোটেলে গিয়ে উঠবেন।

ঈদের ছুটি কাটিয়ে তামিম-মুশফিকরা ১৮ মে থেকে ফের অনুশীলন শুরু করবেন। বাংলাদেশের ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হলেও এখনো মূল দল চূড়ান্ত করেনি বিসিবি।

আগামী ২০ মে সাভারের বিকেএসপিতে নিজেদের মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেই ম্যাচের পর বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।