তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রবিবার ঢাকায় এসেই কোয়ারেন্টাইনে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরকারী দলটির সবাই ঢাকায় এসেই করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন। প্রথম ধাপের সেই পরীক্ষায় সবার ফলই নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র।
৩ দিনের রুম কোয়ারেন্টাইনে থাকা শ্রীলঙ্কা দলের সবার মঙ্গলবার আরো একবার করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফল ওপর ভিত্তি করে বুধবার থেকে নিজেদের মধ্যে অনুশীলনের সুযোগ পাবে তারা।
এ প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘গতকাল করোনার নমুনা পরীক্ষা দিয়েছিল সফরকারী শ্রীলঙ্কা দলের খেলোয়াড় এবং স্টাফরা। আজ সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। আগামীকাল আরো একবার করোনা পরীক্ষা করা হবে তাদের। যদি এবারো সবার নেগেটিভ ফল আসে, তবে বুধবার থেকে অনুশীলন শুরু করতে পারবে।’
দেবাশীষ আরো জানান, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে ২২ মে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের সকল সদস্যের আবারো করোনা পরীক্ষা করা হবে। সিরিজ শেষে বাংলাদেশ দলের সদস্যদের করোনা পরীক্ষা করা না হলেও বাংলাদেশ ছাড়ার আগে আরো একবার করোনা পরীক্ষা করা হবে লঙ্কানদের।
এদিকে বাংলাদেশ দলের সবার প্রথম দফার করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে।