দ্বিতীয় ঢেউয়ে ভারতে ২৪৪ ডাক্তারের মৃত্যু

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ কিছুটা কমেছে। কিন্তু মৃত্যুর সংখ্যা চার হাজারেরও বেশি। স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক হারে চাপ বেড়েছে। এ চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। প্রতিনিয়ত প্রাণও হারাচ্ছেন তারা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে ভারতে করোনায় প্রাণ হারিয়েছেন ২৪৪ চিকিৎসক। তাদের মধ্যে এক দিনে সর্বোচ্চ ৫০ জনের মৃত্যু হয়েছে।

তবে কোন দিন এই রেকর্ড মৃত্যু হয়েছে, তা বলা হয়নি বিবৃতিতে। এবার মৃতদের মধ্যে সর্বকনিষ্ঠ হলেন ডা. আনাস মুজাহিদ। দিল্লির সরকারি জিটিবি হাসপাতালে জুনিয়র রেসিডেন্ট ছিলেন ২৫ বছরের আনাস। করোনা ধরা পড়ার কিছুক্ষণের মধ্যেই ইন্ট্রাক্রেনিয়াল হ্যামরেজ (স্কালের মধ্যে ব্লিডিং) হয়। কয়েক ঘণ্টার মধ্যেই প্রাণ হারান এই তরুণ।