লাবুশেনকে ইংল্যান্ড রেখে উইন্ডিজ যাবে অজিরা

মার্নাস লাবুশেন অস্ট্রেলিয়ার টি-২০ দলে কখনো বিবেচিত হননি। তবে ওয়ানডে খেলেছেন। জুলাইয়ে পাঁচ টি-২০ ও তিন ওয়ানডের সিরিজ খেলতে উইন্ডিজ সফর করবে অস্ট্রেলিয়া। সেই দলে না রেখে লাবুশেনকে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ দিয়েছেন নির্বাচকরা। কারণটা বোধগম্য, আগামী অস্ট্রেলীয় গ্রীষ্মে ইংল্যান্ড অ্যাশেজ খেলতে যাবে। কাউন্টি খেললে ইংল্যান্ডের বোলারদের পরখ করে নিতে পারবেন টেস্টে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সময়ের দুই সেরা ব্যাটসম্যানের একজন। আনুষ্ঠানিক বিবৃতিতে লাবুশেনকে না রাখার কারণ হিসেবে করোনা পরিস্থিতির কথাই বলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, ‘বৈশ্বিক মহামারীর মধ্যে না হলে মার্নাস অবশ্যই সফরে থাকত। ওয়ানডে দলের প্রতিষ্ঠিত ও গুরুত্বপূর্ণ অংশ সে। কিন্তু গোটা বিশ্বই এখন দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে আছে। এই অবস্থায় মার্নাস সুযোগ পাচ্ছে গ্ল্যামরগনের হয়ে কাউন্টি ও টি-টোয়েন্টি খেলার।’ ২৪ জুলাই অস্ট্রেলিয়া সফর শেষ করেই বাংলাদেশে আসবে অজিরা। উইন্ডিজ সফরে যাওয়ার আগেই অধিকাংশ ক্রিকেটার ভ্যাকসিন নেবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ সফর নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। গত এক দশকে এটিই হবে সীমিত ওভারের ফরম্যাটে অস্ট্রেলিয়ার প্রথম বাংলাদেশ সফর।