কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন

সাংবাদিক খোকনকে হত্যার অভিযোগ পরিবারের

বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ-২৪ এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। গতকাল সোমবার বেলা ১২টার দিকে কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় নিজ বাসভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তারা। এ সময় খোকনের মৃত্যুর জন্য দায়ী অভিযুক্তদের গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন তারা।

খোকনের ভাই জাতীয় পার্টির কুষ্টিয়া জেলার সভাপতি নাফিজ আহমেদ খান টিটু বলেন, ‘সাংবাদিক সংগঠনের পদ-পদবি দখল নিয়ে আগে থেকেই দ্বন্দ্ব চলছিল। গত বুধবার সন্ধ্যায় ঈদ উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে সংগৃহীত টাকা-পয়সার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে খোকনকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আহত করে অভিযুক্তরা। এরপর থেকেই খোকন ডিপ কোমায় চলে যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরে চিকিৎসকদের পরামর্শে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।