ঈদ আয়োজনে বাংলাদেশ থেকে প্রকাশ পেল কলকাতার নন্দিত সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের গান, শিরোনাম ‘তোমার ভালো মন্দে’।
ওমর ফারুক বিশালের গীতিকবিতায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন মুনতাসির তুষার। সোমবার বিকেলে জি সিরিজ থেকে উন্মুক্ত হয় গানটি।
কাপ্তাই ও চট্টগ্রামের মনোরম দৃশ্যায়নে নির্মিত হয়েছে গল্পনির্ভর ভিডিও। পরিচালনা করেছেন শিহাব শিকদার। এতে মডেল হয়েছেন তানভীর রিদম ও ইভা। আছে শ্রীকান্ত আচার্যের উপস্থিতিও।
‘তোমার ভালো মন্দে’ প্রসঙ্গে শ্রীকান্ত বলেন, “করোনা পরিস্থিতিতে কোনো ধরনের রেকর্ডিং করবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। বেশ কিছু গানের অফার ফিরিয়েও দিয়েছি। এর মধ্যে এই গানটিও একটি। কিন্তু পরবর্তীতে গানটির কথা-সুর নিয়ে অনেক ভেবেছি এবং একটা মুগ্ধতা তৈরি হয়।”
আরও বলেন. “অসম্ভব ভালো লাগা থেকেই গানটি গাওয়া। গানের গল্পটা আমায় বেশ মুগ্ধ করেছে। সুরও ষোলো আনা আমাকে ভেবেই করেছে মুনতাসির তুষার। এককথায়, চমৎকার কথা-সুরের গান ‘তোমার ভালো মন্দে’। গানটির গীতিকবি ও সুরকার দু’জনের জন্যই আমার শুভকামনা।’
এ দিকে শ্রীকান্ত আচার্যের সঙ্গে কাজ করতে পেরে দারুণ খুশি মুনতাসির তুষার ও ওমর ফারুক বিশাল।