শ্রীমঙ্গলে তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হুগলিয়া উদনাছড়া ব্রিজের নিচে অজ্ঞাতপরিচয় এক তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা-পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার উপজেলা সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া বাজার সংলগ্ন উদনাছড়া ব্রিজের নিচে একটি মুখ বাঁধা সাদা রঙের বস্তা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে মুখ খুললে এক তরুণীর লাশ দেখতে পায়। লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো পরিচয় শনাক্ত সম্ভব হয়নি আমরা চেষ্টা করছি। ধারণা করা হচ্ছে তরুণীর বয়স ২৩ থেকে ২৫ এর মধ্যে হতে পারে। তবে লাশের মুখটা কিছুটা বিকৃত হয়ে গেছে।

ঘটনাস্থলে শ্রীমঙ্গল থানার কর্মকর্তা এবং পিআইবিসহ পুলিশের বিভিন্ন দপ্তরের সদস্যরা উপস্থিত রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে বলে তিনি জানান।