গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা থানা ভবনের অদূরে মঙ্গলবার দুপুরে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে তিন বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সাঘাটা উপজেলার কচুয়া এলাকার সাইদুর রহমানের মেয়ে বীথি খাতুন (২০) ও রিতু খাতুন (১৮) এবং রংপুর নগরের বাবুপাড়া এলাকার মৃত রানা মিয়ার মেয়ে অনামিকা সরোয়ার ওরফে ফাতেমা (২০)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। তারা সবাই কলেজ শিক্ষার্থী।
সাঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হামিদ জানান, অনামিকা সরোয়ার কয়েক দিন আগে রংপুর থেকে সাঘাটা উপজেলার কচুয়া এলাকায় মামার বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার বেলা ২টার দিকে বীথি, রিতু ও অনামিকা সাঘাটা থানা ভবনের অদূরে যমুনা নদীতে নৌকা করে বেড়াতে চরের উদ্দেশে রওনা দেন। কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবোচরে ধাক্কা লাগলে তিন বোন পানিতে ছিটকে পড়ে যান। যমুনা নদীতে পানি বেড়ে যাওয়ায় পানির স্রোতে তারা ডুবে যান।
পরে নৌকার মাঝি চিৎকার করলে আশপাশের লোকজন ও অন্য মাঝিরা জাল ফেলে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করেন। এরপর সাঘাটা ফায়ার সার্ভিসের কর্মীরা তিন বোনকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাঘাটা থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আবদুল কুদ্দুস জানান, নিহতদের লাশ হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।