নাটোরের বড়াইগ্রামে চার বছরের মেয়েকে দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে নুরজাহান বেগম (৩৪) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি মুচিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুরজাহান ওই এলাকার মিলন হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, গতকাল সকাল ৯টার দিকে স্বামী ও দুই সন্তানকে (ছেলে ও মেয়ে) সঙ্গে নিয়ে বাড়ির পাশে জমি থেকে ঢেঁড়স তুলতে যাচ্ছিলেন নুরজাহান বেগম। ওই সময় তার স্বামী মিলন ও ছেলে মাহিন সড়ক পার হয়ে গেলেও চলন্ত গাড়ির ভিড়ের কারণে মেয়ে জান্নাতুলকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন নুরজাহান। এ সময় আলুবোঝাই দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দিকে ছুটে আসছিল। দেখতে পেয়ে জান্নাতুলকে ট্রাকচাপা থেকে বাঁচাতে ধাক্কা দিয়ে সরিয়ে দেন তিনি। কিন্তু বেপরোয়া গতি থাকায় ট্রাকটির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নুরজাহানের মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
এছাড়া গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ আরও চারজন নিহত হয়েছেন। এর মধ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জে পিকআপচাপায় এক ইটভাটা শ্রমিক, সিরাজগঞ্জ সদরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক তরুণী, নেত্রকোনার দুর্গাপুরে ড্রাম-ট্রাকের ধাক্কায় এক শিশু ও মাদারীপুরের কালকিনিতে প্রাইভেট কার-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকচালক নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :
লক্ষ্মীপুর : রামগঞ্জে পিকআপ চাপায় রুবেল হোসেন (১৯) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের কাজিরখিল আনসার ক্যাম্প নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রুবেল কমলনগর উপজেলার চরকাদিরা গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার পরপরই পিকআপটি পালিয়ে যায়। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ : সদর উপজেলার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মনিকা আক্তার মৌ (২০) নামে মোটরসাইকেল আরোহী এক তরুণী নিহত হয়েছেন। গতকাল দুপুরে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনিকা চারঘাট থানা এলাকার চীরকু-ীর গ্রামের আশিকুর রহমানের স্ত্রী। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি গোলাম মোছাদ্দেক হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
মাদারীপুর : কালকিনিতে প্রাইভেট কার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তোফাজ্জেল সরদার (৪০) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। গতকাল দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তোফাজ্জেল মাদারীপুর সদর উপজেলার কুন্তিপাড়া গ্রামের মোসলেম সরদারের ছেলে। ফায়ার সার্ভিস জানায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেত্রকোনা : দুর্গাপুরে ড্রাম-ট্রাকের ধাক্কায় হাবিবা আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাবিবা ওই এলাকার মো. নুরুদ্দীনের মেয়ে। দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ-আলম জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।