পদ্মা সেতু দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত নড়াইলের তিন বন্ধুকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তাদের প্রিয় শিক্ষাঙ্গন নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একসঙ্গে ওই তিনজনের জানাজা শেষে নড়াইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। জানাজায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, নিহতদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ হাজারো মুসল্লি অংশ নেন।
এর আগে গত সোমবার সন্ধ্যায় পদ্মা সেতু দেখে ফেরার পথে নড়াইল-ভাটিয়াপাড়া-মাওয়া সড়কের ফরিদপুরের নগরকান্দার জয়বাংলা মোড় এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় ওই তিন বন্ধু নিহত হন। তারা হলেনÑ নড়াইল শহরের বাসিন্দা লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি এম নজরুল জমাদ্দারের ছেলে তূর্য, মহিষখোলার কলেজশিক্ষক গাজী আমিনুর রহমানের ছেলে রাউফুর রহিম ও আলাদপুর এলাকার বাসিন্দা আবদুল মান্নানের ছেলে সান। তারা সবাই ২০১৬ সালে নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।
স্থানীয়রা জানান, জানাজার আধঘণ্টা আগেই লাশের কফিনগুলো নির্ধারিত স্থান নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছে। এরপর নিহতদের স্বজনরা তাদের প্রিয় সন্তানদের দোয়ার মধ্য দিয়ে বিদায় জানান। ওই সময় নিহতদের শেষবারের মতো দেখার জন্য নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন। তাদের মৃত্যুতে নড়াইলজুড়ে শোকের ছায়া নেমে আসে। আগামী শুক্রবার শহরের বিভিন্ন মসজিদে নিহতদের জন্য দোয়া অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়।