ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ ৩ জন নিহত হয়েছেন।
বুধবার ভোরে মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাইক্রোবাস চালক হাসান (৩০), হেলপার ইমন (২৫) ও যাত্রী গোলাম মওলা শামীম (২৪)। নিহত চালক ও হেলপারের বাড়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া এলাকায়।
এ ঘটনায় আহত মাইক্রোবাসের যাত্রী মীমকে (২০) কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার রাতে পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান বিকল হয়। ভোর রাতে ঢাকাগামী একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়।
এতে মাইক্রোবাসের চালকসহ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অবস্থায় এক যাত্রীকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আদম আলী জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়কের উপর থেকে সরিয়ে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।