ছাদ থেকে পড়ে নববধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরের বিবিরহাটে মোমিন টাওয়ার নামের একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে জেসমিন আক্তার (১৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

তবে, মেয়ের পরিবার অভিযোগ করেন, শ্বশুর বাড়ির লোকজন ধাক্কা দিয়ে তাকে ৭ তলা ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে। ঘটনার পর পর জেসমিনের শ্বশুর-শাশুড়ি ও ননদ বাসায় তালা লাগিয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত জেসমিন উপজেলার নাজিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের ওমান প্রবাসী আরাফাতের স্ত্রী ও পশ্চিম সুন্দরপুর কান্দিরপাড় চিকন মিয়া মিস্ত্রির বাড়ির দুবাই প্রবাসী আব্দুর রহিমের ছোট মেয়ে।

জানা গেছে, শ্বশুর- শাশুড়ির সঙ্গে গৃহবধূ জেসমিন ওই ভবনের ৫ তলায় সি ১০৪ নম্বর রুমে ভাড়ায় থাকতেন।

স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে হঠাৎ করে ৭ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়েন গৃহবধূ জেসমিন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পরে জেসমিনের লাশ তার বাবার বাড়ি সুন্দপুরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কে মাত্র ৩ মাস আগে প্রবাসে বসে মুঠোফোনে জেসমিনকে বিয়ে করেন মো. আরাফাত। পরে কোনোরকমে অনুষ্ঠান ছাড়াই শাশুড়ি তার ভাড়া বাসায় পুত্রবধূকে নিয়ে আসেন। সেই থেকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে নানা বিষয়ে ঝগড়া-বিবাদ লেগে থাকত বলে জানান জেসমিনের স্বজনরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার রাত ১০টার দিকে ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, 'লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।'