হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় তিন নেতাকে হাটহাজারীতে সহিংসতার পাঁচ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
হেফাজতের তিন নেতা হলেন- যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হক এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।
হাটহাজারী থানা-পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সার ভার্চ্যুয়াল শুনানি শেষে বুধবার দুপুরে এ আদেশ দেন।
হাটহাজারীতে সহিংসতার ঘটনায় ১০টি মামলা করে পুলিশ। এসব মামলায় চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেপ্তার হন ৪৩ জন।
চট্টগ্রাম জেলা কোট পরিদর্শক হুমায়ুন কবির বলেন, হাটহাজারী থানার পুলিশ পাঁচটি মামলায় তদন্ত করতে গিয়ে হেফাজতের কেন্দ্রীয় তিন নেতার জড়িত থাকার তথ্য পায়। গ্রেপ্তার কয়েকজন আসামির জবানবন্দিতে তাদের জড়িত থাকার তথ্য উঠে আসে। এ জন্য পুলিশ তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে আদালতে। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখান।