তৃতীয় রাউন্ড থেকে রোমানের বিদায়

২০১৬ রিও অলিম্পিকে একক ইভেন্টে ব্রোঞ্জ ও দলগত ইভেন্টে রুপাজয়ী যুক্তরাষ্ট্র দলের সদস্য ব্র্যাডি অ্যালিসনের কাছে হেরে আরচারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-২ থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের আরচার রোমান সানা। র‌্যাংকিং রাউন্ডে দ্বিতীয় স্থান পেয়ে অ্যালিসন সরাসরি খেলছেন তৃতীয় রাউন্ডে। রোমানকে অবশ্য কাল চতুর্থ রাউন্ডে ৬-০ সেটে হারাতে হয়েছে এস্তোনিয়ার ওনা মার্টকে। কিন্তু তৃতীয় রাউন্ডে গিয়ে ব্র্যাডির সঙ্গে আর পেরে ওঠেননি দেশসেরা এই আরচার। হেরে গেছেন ২-৬ সেটে। রোমানের আগেই অবশ্য আসর থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের অন্য তীরন্দাজরা।

গতকাল মেয়েদের রিকার্ভ একক ইভেন্টে চতুর্থ রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন দিয়া সিদ্দিকী ও বিউটি রায়। দিয়া সিদ্দিকী ৩-৭ সেটে হেরে যান রাশিয়ার স্টেপনোভা ইন্নার কাছে। বিউটি রায় ৪-৬ সেটে হারেন তুরস্কের আনাগোজ ইয়াসমিনের কাছে। আর কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে চতুর্থ রাউন্ড থেকে বাদ পড়েছেন বাংলাদেশের একমাত্র আরচার অসীম কুমার দাস। ইরানের কাউসার সাঈদের কাছে তিনি হেরেছেন ১৩৪-১৪৬ পয়েন্টে।