ঈশ্বরদীতে ব্যবসা বাড়াচ্ছে জাপান

জাপানি মালিকানাধীন তৈরি পোশাক কারখানা রুলিন (বিডি) লিমিটেড ঈশ্বরদী ইপিজেডে তাদের ব্যবসা সম্প্রসারণ করছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি গতকাল বুধবার বেপজার সঙ্গে চুক্তি করেছে।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. নজরুল ইসলামের উপস্থিতিতে বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মাহমুদুল হোসাইন খান এবং রুলিনের পক্ষে মাতসুওকা করপোরেশনের প্রতিনিধি ওসামু সাসাকি বেপজা কমপ্লেক্সে এ চুক্তি স্বাক্ষর করেন। এ সময় রুলিনের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুর রহমান, বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, সচিব মো. জাকির হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন উপস্থিত ছিলেন।

সম্প্রতি জাপানের পাইকারি খাতের অন্যতম প্রতিষ্ঠান মাতসুওকা করপোরেশন কোম্পানিটির বেশিরভাগ শেয়ার অধিগ্রহণ করেছে। বর্তমানে নতুন শেয়ারহোল্ডার ২ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগে রুলিনের পরিচালন কার্যক্রম সম্প্রসারণ করবে। এতে সাড়ে তিন হাজার বাংলাদেশির কর্মসংস্থান হবে। রুলিন ২০১১ সাল থেকে ঈশ্বরদী ইপিজেডে তাদের ব্যবসা পরিচালনা করছে। এই ইপিজেডে তাদের ৪৫ লাখ ৩০ হাজার ডলারের বিনিয়োগ আছে।

বর্তমানে ৩১টি জাপানি কারখানা ইপিজেডে ৫২ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করেছে। এতে সাড়ে ১৩ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।