আমাকে নিয়ে কোনো গুঞ্জন নেই

এবার ঈদে কেয়া পায়েল অভিনীত ২৫টির মতো নাটক প্রচারিত হয়েছে। তিন বছরের ক্যারিয়ারে এবারই প্রথম তার এতগুলো নাটক প্রচারিত হয়েছে। ঈদের কাজ ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন তিনি

ঈদে ২৫ নাটক...

এবার ঈদে সব মিলিয়ে ২৫টির মতো নাটক প্রচারিত হয়েছে। নাটকের সংখ্যা শুনে মনে হতে পারে অনেক বেশি। কিন্তু আসল ঘটনা অন্য। নাটকগুলো বিভিন্ন সময়ে শ্যুটিং করা। গল্পেও বৈচিত্র্য আছে। দর্শকের কাছ থেকেও বেশ ভালো সাড়া পাচ্ছি। কারণ, দর্শক যে ধরনের ট্রেন্ডি গল্প পছন্দ করেন, সে রকম বেশ কিছু গল্পে অভিনয় করেছি। রোমান্টিক, কমেডি, সিরিয়াসসহ সব ধরনের গল্পেই অভিনয় করেছি। নাটকগুলো নিয়ে আমি সত্যিই আশাবাদী। তৌসিফের সঙ্গেই এবার ১০টি নাটকে অভিনয় করেছি। আমাদের নতুন জুটি দর্শক কীভাবে নিচ্ছেন তা জানতে আরও কিছুদিন সময় লাগবে। দর্শকের পছন্দ হলে আমরা আরও বেশি বেশি কাজ করব।

অভিনয়ের শুরু...

অভিনয়ের কোনো ইচ্ছে আমার ছিল না। শখের বশে একবার একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হই। সেখান থেকেই কয়েকজনের সঙ্গে পরিচয় হয়। এরপর অনেকে অভিনয়ের জন্য ডাকতেন। পরে ২০১৮ সালে নাটকে অভিনয় করি। প্রথম নাটকেই প্রধান চরিত্রে অভিনয় করেছি। নিয়মিত শ্যুটিং করব, পরিচিতি পাব, এটা কখনো ভাবিনি। বলতে পারেন, অভিনয়জীবনে আমার কোনো স্ট্রাগলের গল্প নেই। আমার কপাল ভালো। মাত্র দুই-তিন বছরে আমার মতো সফলতা অনেক কম শিল্পীর ভাগ্যে জোটে। দর্শক আমাকে পছন্দ করেছেন, এটাই প্রধান কারণ।

পরিবার...

শুরুতে যখন শ্যুটিং করতাম, তখন পরিবার থেকে বাধা দিত। কেন শ্যুটিংয়ে যাচ্ছি, আর যেন না যাই এসব শুনতে হতো। পরিবারের সবাই যখন দেখলেন এখানে ভালো করছি, তখন উৎসাহ দিতে লাগলেন। পরিবারের সবাই এখন আমাকে নিয়ে গর্ব করেন। তারা আমার মিডিয়ায় কাজকে ভালোভাবে দেখেন।

পরিবর্তন...

অভিনয় শুরুর পর থেকে ব্যক্তিজীবনে অনেক পরিবর্তন এসেছে। এতটাই ব্যস্ত থাকি, এখন পরিবার, বন্ধুবান্ধবদের জন্য সময় বের করতে পারি না। আমি তো টিনএজ, পরিবারে সবার ভীষণ আদরের। কিন্তু শ্যুটিংয়ে বোঝাতে হয়, আমি অনেক কিছু বুঝি, আমি ম্যাচিওরড। মাঝেমধ্যে নিজেকে বুড়ো মনে হয়। টানা কাজ করলে খুব মন খারাপ হয়। সামাজিক অনেক অনুষ্ঠানে কমিটমেন্ট দিয়েও যেতে পারিনি। বন্ধুরা ঘোরাঘুরি করে, আড্ডা দেয়, ফেইসবুকে তাদের আড্ডার ছবি দেখলে খারাপ লাগে। তখন মন খারাপ নিয়েও শ্যুটিং করি।

বিয়ের পরিকল্পনা...

আমাদের পরিবারের সদস্য পাঁচজন। আমি বিয়ে করিনি। আমি এখনো ছোট। পড়াশোনা করছি। পড়াশোনা শেষে বিয়ে করব। আমি কোনো প্রেমের মধ্যে নেই। প্রেম করলে ক্যারিয়ারে সমস্যা হতে পারে। এখন অভিনয়শিল্পী হয়ে ওঠার চেষ্টা করছি। তারকাজীবনে অনেকের অনেক ধরনের গুঞ্জন শোনা যায়। আমি সেদিক থেকেও ভাগ্যবান যে এখনো তেমন কিছু শুনিনি। আমাকে নিয়ে কোনো গুঞ্জন নেই। কেউ যেন আমাকে ট্র্যাপে না ফেলে, সে জন্য সচেতন থাকার চেষ্টা করি।