ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘অবাঞ্ছিত’ শিক্ষা উপমন্ত্রী নওফেল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার আংশিক ভিডিও প্রকাশ করায় তার বিষয়ে এমন অবস্থান নেয়া হয়েছে বলে জানায় ডিআরইউ।

তারা জানায়, বর্তমান কার্যনির্বাহী কমিটি দায়িত্বে থাকা অবস্থায় শিক্ষা উপমন্ত্রী ডিআরইউতে প্রবেশ করতে পারবেন না।

ডিআরইউ প্রাঙ্গণে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেপ্তারের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ সমাবেশে বৃহস্পতিবার বিকেলে এমন ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।

সমাবেশে তিনি বলেন, ‘শিক্ষা উপমন্ত্রী সাংবাদিকদের ওপর বিষোদগার করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কোনো প্রোগ্রামে আসতে পারবেন না, তাকে অবাঞ্চিত ঘোষণা করছি। কোনো সামাজিক অনুষ্ঠানে তাকে অতিথি করা হলে, ডিআরইউ তাদেরকে হল ভাড়া দেবে না’।

তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীকে গণমাধ্যমের শত্রু হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার বিষয়ে প্রয়াস অব্যাহত থাকবে। যদিও স্বাস্থ্যমন্ত্রী নিজেই নিজেকে গণমাধ্যমের শত্রু হিসেবে চিহ্নিত করেছেন’।

সাংবাদিক নেতারা বলেন, শুধু রোজিনার মুক্তি নয়, মামলা প্রত্যাহারের পাশাপাশি তাকে নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।

আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী।

তিনি বলেন, সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে কাল শুক্রবার সকাল ১০টায় ডিআরইউ প্রাঙ্গণে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ সমাবেশ করা হবে। ধাপে ধাপে কর্মসূচি চলবে। রোজিনার মুক্তির আগ পর্যন্ত কোনোভাবেই আন্দোলন থামবে না।

বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রাখার ৪০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন শিক্ষা উপমন্ত্রী নওফেল। ওই ভিডিওর শিরোনামে লেখা ছিল, ‘ফাইল চুরির দায় স্বীকার প্রথম আলোর সাংবাদিক রোজিনার’।