‘কাকলী ফার্নিচার’ বিজ্ঞাপনের ভাষায় কলকাতার রাজনীতিবিদকে কটাক্ষ

বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের কাকলী ফার্নিচারের একটি বিজ্ঞাপন নেট মাধ্যমে বিনোদনের খোরাক জোগাচ্ছে। যেখানে বলা হয় ‘দামে কম মানে ভালো কাকলী ফার্নিচার’। বাংলাদেশের এই  বিজ্ঞাপন পৌঁছে গেছে কলকাতাতেও। আর এই বিজ্ঞাপন ঘিরে সেখানেও চলছে নানা মিম।

এবার পরিচালক অনীক দত্ত কাকলী ফার্নিচারসের বিজ্ঞাপনের ভাষায় কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের এক রাজনীতিবিদকে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রাজনীতিবিদ কাকলী ঘোষ দস্তিদারকে কটাক্ষ করে নেট মাধ্যমে মন্তব্য করেন অনীক দত্ত। বৃহস্পতিবার তৃণমূলের রাজনীতিবিদ কাকলী ঘোষ দস্তিদারকে নিয়ে মিম করেন তিনি। ‘দামে কম মানে ভালো’-র জায়গায় ব্যবহৃত হয়েছে ‘মানে কম দামে ভালো’ কথাটি। তারই হালকা আভাস অনীকের পোস্টেও।  তার কটাক্ষ, ‘ঘুষ দস্তিদার শুনছি। দেখসিও টিভিতে। কি জানি কি লইত্যাসেন হাত পাইত্যা।’ তার পরেই তার রসিকতা, ‘কিন্তু ফার্নিচার?! হেইডা আবার কী? কইথ্যিকা আইল? কসুপুড়া’!

বৃহস্পতিবার সকালে একই বিষয় নিয়ে মুখ খুলেছেন আরেক পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি ‘হামি’র ভিডিয়ো শেয়ার করে দেখিয়ে দিয়েছেন, ২০১৮-য় লাল্টু বিশ্বাসের ‘বিশ্বাস ফার্নিচার’ সবই দেখিয়ে দিয়েছে ছবিতে।