রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা

জেলা পর্যায়ে আইন কর্মকর্তাদের ফি বাড়ল

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় জেলা পর্যায়ে সরকারি আইন কর্মকর্তাদের মাসিক রিটেইনার ফি চার থেকে পাঁচগুণ বাড়িয়েছে সরকার। একই সঙ্গে বাড়ানো হয়েছে মামলা শুনানির জন্য দৈনিক ও ভ্যালুয়েশন ফি।

গতকাল বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সরকারি আইন কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল ও দায়বদ্ধ করে তোলার জন্য এসব ফি বাড়ানো হয়েছে।’ রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য জেলায় গভর্নমেন্ট প্লিডার (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি), বিশেষ পিপি, অতিরিক্ত জিপি, অতিরিক্ত পিপি, এজিপি, এপিপি ও লোকাল গভর্নমেন্ট প্লিডার (এলজিপি) নিয়োজিত থাকেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী জিপি, পিপি ও বিশেষ পিপির মাসিক রিটেইনার ফি বিভাগীয় শহরে ১৫ হাজার ও জেলা শহরে ১২ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। আগে মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার ও জেলা শহরে এ ফি ছিল দেড় হাজার টাকা। জিপিদের মামলাপ্রতি মাসিক ভ্যালুয়েশন ফি ৩ হাজার থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৫ হাজার টাকা করা হয়েছে। মামলার শুনানির জন্য পূর্ণ দিবসে পিপি ও বিশেষ পিপি ৬০০ এবং অর্ধদিবসে পাবেন ৩০০ টাকা। আগে এ ফি ছিল যথাক্রমে ৫০০ ও ২৫০ টাকা।

অতিরিক্ত জিপি ও অতিরিক্ত পিপির মাসিক রিটেইনার ফি বিভাগীয় শহরে ১২ হাজার ও জেলা শহরে ৯ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। আগে মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার ও জেলা শহরে এ ফি ছিল দেড় হাজার টাকা। অতিরিক্ত জিপিদের মামলাপ্রতি মাসিক ভ্যালুয়েশন ফি ৩ হাজার থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা করা হয়েছে। মামলার শুনানির জন্য পূর্ণ দিবসে অতিরিক্ত পিপি ৫০০ ও অর্ধদিবসে ৩০০ টাকা পাবেন। আগে এটি ছিল যথাক্রমে ৪০০ ও ২৫০ টাকা।

এজিপি, এপিপি ও এলজিপিদের মাসিক রিটেইনার ফি বিভাগীয় শহরে ৬ হাজার ও জেলা শহরে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এজিপি ও এলজিপিরা মাসিক ৭৫০ টাকা পেতেন। তবে এপিপিরা কোনো রিটেইনার ফি পেতেন না। নতুন সিদ্ধান্তে এজিপি ও এলজিপিদের মামলাপ্রতি মাসিক ভ্যালুয়েশন ফি ৩ হাজার থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা করা হয়েছে। মামলার শুনানির জন্য এপিপিরা পূর্ণ দিবসে ২৫০ ও অর্ধদিবসে ১৫০ টাকা পাবেন। আগে এটি ছিল যথাক্রমে ২০০ ও ১০০ টাকা।

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের বরাত দিয়ে রেজাউল করিম জানান, আইনমন্ত্রী আনিসুল হক দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় আইন কর্মকর্তাদের দায়িত্বশীল ও দায়বদ্ধ করে তোলার পাশাপাশি দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে মাসিক রিটেইনারসহ অন্যান্য ফি বাড়ানোর বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দেন। পরে এ-সংক্রান্ত প্রস্তাবনা পাঠানো হলে কয়েক দফা আলোচনার পর অর্থ মন্ত্রণালয়ও সম্মতি দেয়। আগামীতে এসব ফি আরও বাড়ানো হবে বলে জানান তিনি।