ডায়ানার মৃত্যুর জন্য বিবিসিকে দুষছেন হ্যারি-উইলিয়াম

প্রতারণার মাধ্যমে প্রিন্সেস ডায়ানার সেই বহুল আলোচিত প্যানারোমা সাক্ষাৎকার নেয়া হয়েছিল বলে দায় স্বীকার করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিষ্ঠানটির তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার পর ডায়ানার দুই ছেলে দ্য ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম এবং দ্য ডিউক সাসেক্স প্রিন্স হ্যারি বলেছেন, বিবিসির কারণে তার বাবা-মায়ের সম্পর্ক আরও খারাপ হয়েছিল, যা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।

তদন্তের পর বিবিসি দেখেছে, নিজেদের মান রক্ষা না করেই ডায়ানার সাক্ষাৎকারটি নিয়েছিলেন মার্টিন বশির। বিবিসি ইতিমধ্যে উইলিয়াম, হ্যারি এবং তাদের মামা আর্ল স্পেন্সারের কাছে চিঠি দিয়ে ক্ষমা চেয়েছে।

উইলিয়াম বলেছেন, তার মা বাজে রিপোর্টারের পাশাপাশি বিবিসির একজন বসের দ্বারাও প্রতারিত হন।

পৃথক বিবৃতিতে হ্যারি বলছেন, বিষাক্ত একটি সংস্কৃতির কারণে ১৯৯৭ সালে তার মায়ের মৃত্যু হয়।

হ্যারির শঙ্কা, এই ধরনের সংস্কৃতি পৃথিবীতে এখনো ছড়িয়ে আছে।

তিনি বলেছেন, ‘এসবের কারণেই আমার মা তার প্রাণ হারান।’

দুই ভাইয়ের বিবৃতি বিশ্লেষণ করে বিবিসির প্রতিবেদনে শুক্রবার বলা হয়েছে, ওই সাক্ষাৎকারের পর তার বাবা-মায়ের ডিভোর্স হয় বলে মনে করছেন তারা। তারপর যেভাবে ডায়ানার মৃত্যু হয়েছে, তাতেও সাক্ষাৎকারটির ভূমিকা দেখছেন দুই রাজপুত্র।

প্রিন্সেস ডায়ানা ১৯৯৭ সালে এক মোটর দুর্ঘটনায় মারা যান। ওই সময় তিনি হতাশাগ্রস্ত ছিলেন। এর আগে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক মার্টিন বশির নিয়েছিলেন আলোচিত-সমালোচিত সাক্ষাৎকারটি। ডায়ানার ভাই অভিযোগ করে বলেছেন, ভুয়া ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে ওই সাক্ষাৎকার দিতে রাজি করিয়েছিলেন বশির।

কীভাবে এই সাক্ষাৎকার নেয়া হয়েছিল সে বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে বিবিসি।

এই তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন অবসরপ্রাপ্ত একজন বিচারপতি লর্ড ডাইসন। তিনি বিবিসিকে বলেছেন, ‘বিবিসি বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার ব্যাপারে যে উঁচু মানদণ্ড মেনে চলে, যেটা তার সাংবাদিকতার মূল স্তম্ভ, এ ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে।’

বিবিসি বলেছে এই রিপোর্টে ‘স্পষ্ট ব্যর্থতার’ চিত্র বেরিয়ে এসেছে এবং ‘আমরা এ জন্য খুবই দুঃখিত।’

এই রিপোর্টে বলা হয়েছে প্রতিবেদক বশির ডায়ানার ভাই আর্ল স্পেনসারের সাথে প্রতারণা করেছিলেন। তিনি স্পেনসারের আস্থা অর্জনের জন্য তাকে জাল নথিপত্র দেখান, যাতে বশির প্রিন্সেস ডায়ানার কাছে সহজে পৌঁছতে পারেন।

প্যানোরামা অনুষ্ঠানের জন্য মার্টিন বশিরের নেয়া প্রিন্সেস ডায়ানার সাক্ষাৎকার তখন বিশাল একটা আলোড়ন সৃষ্টি করেছিল। বিবিসির এই সাক্ষাৎকারে প্রিন্সেস তার জীবন নিয়ে প্রথমবার এমন সব কথা বলেছিলেন যা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল।

ওই সাক্ষাৎকারে ডায়ানা তার বিখ্যাত উক্তিটি করেছিলেন, ‘এই বিয়েতে ছিলাম আমরা তিনজন।’

ওই সাক্ষাৎকারে ব্রিটিশ রাজ পরিবারের ভেতরের একজন সদস্য প্রথম এত খোলাখুলি কথা বলেছিলেন, যেখানে তিনি প্রিন্স চার্লসের সাথে তার অসুখী বিবাহিত জীবন ও তার বুলিমিয়ায় আক্রান্ত হবার কথা বলেন।

এর পর থেকে ডায়ানার ভাই দাবি করে আসছিলেন যে বশির মিথ্যা কথা বলে এই সাক্ষাৎকার নেন। তিনি যাতে ডায়ানার সাথে বশিরের পরিচয় করিয়ে দেন তার জন্য বশির তাকে জাল ব্যাংক স্টেটমেন্ট দেখান এবং সেভাবে তিনি স্পেনসারের আস্থা অর্জন করেন।