বান্দরবানের লামা উপজেলার চম্পাতলী এলাকায় এক কুয়েত প্রবাসীর ঘর থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন, কুয়েত প্রবাসী নুর মোহাম্মদ এর স্ত্রী মাজেদা বেগম (৫০), সন্তান রাফি আক্তার (১৬) ও দশ মাস বয়সী সন্তান নুরি।
পুলিশ জানায়, প্রতিবেশীরা সারা দিন ওই পরিবারের কোনো সাড়াশব্দ না পেয়ে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে তাদের খোঁজ করার জন্য বাসায় যায় । বাসার প্রধান দরজা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। পরে তারা বাসার খোলা জানালা দিয়ে দুই রুমের বিছানায় আলাদাভাবে তিনজনকে শোয়া দেখতে পায়।
পরে রাত ৮টার দিকে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ একে একে এই তিনজনের লাশ উদ্ধার করে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং বাসার আসবাবপত্র ভাঙচুর করা অবস্থায় পাওয়া যায়।
প্রবাসী নুর মোহাম্মদের ভাই আব্দুল খালেক ও শাহ আলম বলেন, নিহত মাজেদা বেগমের বোন বেড়াতে এসেছিল। তারা বৃহস্পতিবার বিকেলে চলে যাওয়ার পর আজ এই লাশ উদ্ধার হয়েছে।
স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জের ধরে এই ঘটনা ঘটতে পারে। ঘটনার পর তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ বাড়িটি ঘিরে রেখে হত্যার আলামত সংগ্রহ করছিল। লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার রেজা রশিদ, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ তিনটি বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে, দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে।