আমের ৫ পদ

বাজারে কাঁচা আমের মৌসুম শেষ হতে চলছে। কাঁচা আম দিয়ে তরকারির রান্না  করে রেসিপি দিয়েছেন উম্মাহ মোস্তফা

আম ইলিশের কষা

উপকরণ

ইলিশ মাছ ১টি, কাঁচা আম বাটা সিকি কাপ, মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, লবণ ১ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, চিলি ফ্লেক্স ১ চা চামচ, সরিষার তেল আধা কাপ, পাঁচফোড়ন ১ চিমটি।

যেভাবে তৈরি করবেন

১. ইলিশ মাছ কেটে ধুয়ে নিন। কড়াইয়ে সরিষার তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে এরপর পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিন।

২. পেঁয়াজ লালচে হলে আদা বাটা ও বাকি সব গুঁড়ো মসলা এবং সামান্য পানি দিয়ে কষিয়ে নিন।

৩. দুবার কষিয়ে তাতে কেটে রাখা ইলিশ মাছ দিয়ে অপেক্ষা করুন।

৪. আট মিনিট পর তাতে বাটা আম দিয়ে সেটা মাখামাখা করে নিন।

৫. নামানোর আগে ১ চা চামচ চিনি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

আম চিংড়ি

উপকরণ

চিংড়ি মাছ আধা কেজি, হলুদ গুঁড়ো ২ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, আম বাটা সিকি কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, সরিষার তেল আধা কাপ, কাঁচা লঙ্কা ৪টি, চিনি ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে লবণ ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে অল্প তেলে হালকা করে ভেজে তুলে রাখুন।

২. এবার তেলে পেঁয়াজ লালচে করে ভেজে তাতে সব বাটা ও গুঁড়ো মসলা, আম বাটা ও চিনি দিয়ে দিন।

৩. মসলা কষিয়ে তেল ওপরে উঠলে তাতে চিংড়ি দিয়ে নেড়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। পানি দেওয়ার দরকার নেই।

৪. নামানোর আগে সরিষার তেল ও কাঁচা মরিচ দিয়ে ২ মিনিট দমে রেখে পরিবেশন করুন।

আম পাতুরি

উপকরণ

ইলিশ মাছ ৮ পিস, আম বাটা সিকি কাপ, সাদা সরিষা বাটা সিকি কাপ, কাঁচা মরিচ বাটা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, লবণ ১ চা চামচ, সরিষার তেল সিকি কাপ, কলাপাতা ৮ টুকরো।

যেভাবে তৈরি করবেন

১. কলাপাতা বাদে বাকি উপকরণ মাখিয়ে মেরিনেট করে ২০ মিনিট রেখে দিন।

২. এবার মাখানো মাছ কলাপাতা দিয়ে মুড়িয়ে ফ্রাইপ্যানের অল্প আঁচে ঢেকে এপিঠ-ওপিঠ উল্টিয়ে ১৫ মিনিট রান্না করে পরিবেশন করুন।

আম মাখা ডাল

উপকরণ

মসুর ডাল ১ কাপ, কাঁচা আম ১টি, আদা ও রসুন বাটা মেলানো ১ চা চামচ, পানি ৪ কাপ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, ধনেগুঁড়ো ১ চা চামচ, লবণ ১ চা চামচ, কাঁচা মরিচ ৩টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. মসুর ডাল সেদ্ধ করে পেঁয়াজ ও তেল বাদে সব উপকরণ দিয়ে দিন।

২. অন্য একটি হাঁড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে লালচে হলে ডাল দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিন।

আম লাউ চিংড়ি

উপকরণ

চিংড়ি মাছ ২৫০ গ্রাম, লাউ টুকরো ২ কাপ, কাঁচা আম অর্ধেক, হলুদ গুঁড়ো আধা চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা কুচি ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, সরিষার তেল সিকি কাপ, লবণ ১ চা চামচ, চিনি ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. লাউ ও আম টুকরো করে কেটে ধুয়ে হাঁড়িতে সব উপকরণ মাখিয়ে অল্প আঁচে রেখে ২০ মিনিট রান্না করুন।

২. পানি দেওয়া যাবে না। আম আর লাউ থেকে বের হওয়া পানিতেই সেদ্ধ হবে।

৩. মাখামাখা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।