সিরাজগঞ্জ সদর থানা পুলিশ সাত ডাকাতকে কুষ্টিয়া থেকে আটক করেছে। এছাড়া ডাকাতি হওয়া ট্রাক ও মালামাল উদ্ধার করেছে। গতকাল শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানা কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। এ সময় ডাকাতি হওয়া ট্রাক ও ৪০৫ বস্তা ভুসির মধ্যে ৩৪২ বস্তা উদ্ধার করা হয়।
আটক ডাকাতরা হলো পাবনার ঈশ্বরদী থানার নাসিম মাল, রাজাপুর এলাকার রফিক মোল্লা, কুষ্টিয়ার দৌলতপুর থানার ইমরান আলী, রাজু আহমেদ, সাহাবুল ইসলাম, রোকনুজ্জামান ও সিরাজগঞ্জ পৌর এলাকার নয়ন শেখ।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার বলেন, সিরাজগঞ্জ শহরের ভুসি ব্যবসায়ী মো. আবদুল মালেকের ৪০৫ বস্তা ভুসি নিয়ে একটি ট্রাক গত ১৯ মে রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার জগাই মোড়ে পৌঁছায়। এ সময় চার ডাকাত ট্রাকের চালক ও তার সহকারীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের হাত-পা বেঁধে পার্শ্ববর্তী স্থানে রেখে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই থানায় মামলা করা হয়।