গাজার প্রতি সংহতি মিছিলে বিস্ফোরণ পাকিস্তানে নিহত ৬

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানে বের করা এক মিছিলে বোমা বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আফগান সীমান্তবর্তী বেলুচিস্তান শহরের একটি বাজারে এ ঘটনা ঘটে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, দেশটির ইসলামপন্থি রাজনৈতিক দল জমিয়তে উলেমা-ই-ইসলাম-নাজারাতি (জেইউআই ওই কর্মসূচির আয়োজন করে। মোটরসাইকেলের সঙ্গে বাঁধা ছিল বোমাটি। আহতদের মধ্যে জেইউআইয়ের নেতা আবদুল কাদের লুনি ও কারি মেহেরুল্লাহ রয়েছেন। ঘটনার পরপর ওই এলাকায় লোকজনের আসা-যাওয়া বন্ধ করে দেওয়া হয়।

বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি বলেন, আহতদের মধ্যে ১০ জনকে ছামানের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স (ডিএইচকিউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য ব্যক্তিদের কোয়েটায় নেওয়া হয়েছে। শাহওয়ানি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘সন্ত্রাসীরা বেলুচিস্তানের শান্তি নষ্ট করতে চায়। এই মিছিলে হামলাকারীরা ইসরায়েলের আগ্রাসনের সমর্থনকারী।’

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল খান আলিয়ানি এ ঘটনায় নিন্দা জানান ও নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন। তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কাউকে প্রদেশের আইনশৃঙ্খলার ব্যত্যয় ঘটাতে দেওয়া হবে না।