নড়াইলের কালিয়া উপজেলায় মসজিদের এক ইমামের বিরুদ্ধে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ইমামের নাম আব্দুর রহমান। তিনি কালিয়া উপজেলার নড়াগাতী থানার নিধিপুর জামে মসজিদের ইমাম। এ ঘটনায় গতকাল শুক্রবার নড়াগাতী থানায় মামলা হয়েছে। স্থানীয়রা আব্দুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মামলার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে কালিয়া উপজেলার নড়াগাতী থানার নিধিপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রহমান মসজিদের মক্তবে শিশুদের পড়াতে যান। মক্তব ছুটি দিয়ে ৬ বছরের ওই শিশুটিকে প্রাইভেট পড়ানোর নাম করে রেখে দেন। পরে মসজিদসংলগ্ন তার থাকার ঘরে তাকে নিয়ে যৌন নির্যাতন করেন।
নড়াগাতী থানার ওসি রোকসানা খাতুন বলেন, ‘মামলায় অভিযুক্ত আসামি আব্দুর রহমানকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’