সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে বেপরোয়া গতির একটি ট্রাকের সংঘর্ষে দুই অ্যাম্বুলেন্স যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
সোনারগাঁয়ের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ডিউটি অফিসার এএসআই আরিফ জানান, দুজনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর কাঁচপুর কিউট পল্লী এলাকা থেকে মহাসড়কের দুই প্রান্তে ১০ কিলোমিটার এলাকাজুড়ে ২ ঘণ্টাব্যাপী তীব্র যানজটের সৃষ্টি হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান মনির জানান, কাঁচপুর কিউট পল্লী এলাকায় শনিবার ভোরে কুমিল্লার তিতাস উপজেলা এলাকা থেকে আসা রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে উল্টো দিক দিয়ে আসা পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা রোগীর স্বজন মো. হুমায়ুন (৪০) ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পথে ফারুক হোসেন (৩৫) নামের আরেকজন মারা যান। রোগীসহ আহত হন কমপক্ষে ৩ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
নিহত মো. হুমায়ুনের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর সরকার বাড়ি এলাকায় এবং ফারুক হোসেনের বাড়িও একই এলাকায়।
পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।